নিজস্ব প্রতিবেদক
বোমার বিস্ফোরণের পর ধোয়ার কুন্ডলী ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরতলীর খোলাডাঙ্গা গাজীপাডা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা এলাকার শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শামীমের বাড়িতে প্রতিপক্ষের লোকজন বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০/১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। এ সময় তারা বাড়ির সামনে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতসন্ত্রস্ত বাসিন্দাদের অনেকেই নিরাপদ স্থানে সরে যান। তবে এ ঘটনায় কোনো ব্যক্তি আহত হননি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বোমার বিস্ফোরণের সংবাদ শুনে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন। ওই এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে এলাকাবাসীর বিরোধ আছে বলে জানতে পেরেছি। পুলিশ এ বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছে।