ধ্রুব ডেস্ক
আলোচনার জন্য পতাকা উড়িয়েছে বিজিবি ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর অসাবধানতাবশত ভারতীয় সীমানার ভেতরে চলে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিবর্ষণের একটি ঘটনার খবর পাওয়া গেছে। এ নিয়ে বিস্তারিত তথ্য ও প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি কাজ করছে।