এম জামান, রমজান আলী
বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত সীমান্ত হত্যা, ভারত কর্তৃক পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতার প্রতিবাদে যশোরের বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন) বিকেলে বেনাপোলের রহমান চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ হযরত মাওলানা আনোয়ার হোসেন।
যশোর- আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম রসুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী। তারা অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং পুশ-ইন কার্যক্রমের অবসান দাবি করেন।
বক্তারা আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশের নিরাপত্তা, মানবাধিকার ও জাতীয় মর্যাদা রক্ষায় সরকারকে আরও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রমের অবসান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানানো হয়। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাবিবুর রহমান, এনসিপির যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান, এলডিপি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন, এলডিপি যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, এনসিপির জেলা শাখার সেক্রেটারি আবু জাফর, যশোর জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, এনসিপি শার্শা উপজেলার সংগঠক মুরাদ উদ দৌলা, বেনাপোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর রেজাউল করিম এবং বেনাপোল পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী।