ধ্রুব ডেস্ক
জিসান প্রধান ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ। গতকাল বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিট পর্যন্ত তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সর্বশেষ কার্যক্রম দেখা যায়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরিবার, আত্মীয়স্বজন এবং দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
এই ঘটনায় জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ দেখা যাচ্ছে। আমরা থানায় অভিযোগ করেছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, ‘জিসান বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দিতে আসেন এবং মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। পরে তার উপজেলার বিরবাগগোয়ালী গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি আর বাড়িতে পৌঁছাননি। আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. সামছুল আলম প্রধান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।’
নিখোঁজের ঘটনায় পরিবার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।