ক্রীড়া ডেস্ক
ওয়েসলি ফ্র্যাঙ্কা ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
ব্রাজিল শিবিরে চরম এক দুঃসংবাদ। ঊরুর চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন সেলেসাওদের ফুলব্যাক ওয়েসলি। তবে তাঁর এই দুর্ভাগ্যই যেন সৌভাগ্য হয়ে এলো মিডফিল্ডার এদেরসন-এর জন্য। রোমার এই ডিফেন্ডারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া ২৬ বছর বয়সী তারকা এদেরসন।
আতালান্তার হয়ে খেলা এই ফুটবলার ২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর মাত্র ৩টি ম্যাচ খেললেও, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।
রোববার ভোরে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু ম্যাচের মাত্র ১৫ মিনিটেই বাঁ ঊরুতে চোট পেয়ে কান্নারত অবস্থায় মাঠ ছাড়েন ২২ বছর বয়সী ওয়েসলি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এমআরআই স্ক্যানে তাঁর বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর ইনজুরি ধরা পড়ে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়:
"ওয়েসলির এই চোটে সিবিএফ গভীরভাবে মর্মাহত। সে দলের সবার অত্যন্ত প্রিয়। হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে সে সশরীরে না থাকলেও মানসিকভাবে সবসময় দলের সঙ্গেই থাকবে।"
এদেরসনের জন্য জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি ছিল রূপকথার মতো। বিশ্বকাপের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় নাম থাকলেও চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাবেন—এমন আশা তিনি ছেড়েই দিয়েছিলেন। তাই পাসপোর্ট রিও ডি জেনিরোতে রেখেই নিজ রাজ্য মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পো গ্রান্দেতে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছিলেন।
শনিবার রাতে এক সতীর্থের বিয়ের অনুষ্ঠান শেষ করে রোববার সকালে যখন ঘুম থেকে ওঠেন, তখনই আসে সিবিএফ-এর সেই কাঙ্ক্ষিত ফোন কল! এরপরই শুরু হয় আরেক রোমাঞ্চ।
যুক্তরাষ্ট্রে দলের সাথে যোগ দিতে সাও পাওলো থেকে ফ্লাইট ধরার কথা ছিল তাঁর। কিন্তু পাসপোর্ট তো রিও-তে! শেষ পর্যন্ত বন্ধুদের সহায়তায় দ্রুত পাসপোর্ট সাও পাওলোতে আনিয়ে রোববার দুপুরেই সেখানে ছুটে যান এদেরসন। বাংলাদেশ সময় আজ বিকেলে তাঁর যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।
হঠাৎ এমন সুযোগ পেয়ে আবেগাপ্লুত এদেরসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন:
"সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময়ই আমাদের ভাবনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সবসময় তোমার পাশে আছি।"
আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এদেরসনের এই নাটকীয় অন্তর্ভুক্তি দলে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।