ক্রীড়া ডেস্ক
সম্প্রতি পিএসজির একটি সংবাদ সম্মেলনে দেখা যায় লুইস এনরিকে-কে ছবি: উয়েফা
লিওনেল মেসি কোনো ক্লাবের জন্য সমস্যা হতে পারেন—এমন ভাবনাও যেন ফুটবলীয় আচারের পরিপন্থী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকের চড়া মেজাজ অন্তত সেটাই প্রমাণ করল। আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে এক সাংবাদিকের বাঁকা মন্তব্যের পর তাকে রীতিমতো তুলোধুনো করেছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
ঘটনার সূত্রপাত প্যারিস সেন্ট জার্মেইয়ের সাম্প্রতিক এক প্রেস কনফারেন্সে। সেখানে এক সাংবাদিক অদ্ভুত এক দাবি উত্থাপন করেন। তার যুক্তি ছিল, মেসি পিএসজি ছাড়ার পর ফরাসি ক্লাবটি টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সুতরাং মেসিই হয়তো ক্লাবের মূল সমস্যা ছিলেন!
সাংবাদিকের এমন যুক্তিহীন মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়েন পিএসজি বস লুইস এনরিকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সরাসরি বলেন:
"মেসি কোনো দলের জন্যই সমস্যা হতে পারে না। সে আমার জীবনে দেখা ইতিহাসের সেরা ফুটবলার (গ্রেটেস্ট অফ অল টাইম)। সে মানুষ হিসেবেও অসাধারণ"
বার্সেলোনায় মেসির কোচের দায়িত্ব পালন করা এনরিকে নিজের অভিজ্ঞতা থেকে এই খুদে জাদুকরের প্রশংসা করেন। তিনি আরও যোগ করেন: "তার সাথে একই ড্রেসিংরুম শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে। আমি বুক ফুলিয়ে বলতে পারি, একজন খেলোয়াড় হিসেবে সে যেমন অনন্য, মানুষ হিসেবেও ঠিক ততটাই অসাধারণ।"
মেসির মতো একজন 'লিভিং লিজেন্ড'কে নিয়ে সস্তা মন্তব্য করায় সংশ্লিষ্ট সাংবাদিককে কঠোর ভাষায় সতর্ক করে দেন এনরিকে। সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, মেসির মতো একজন কিংবদন্তিকে নিয়ে কথা বলার আগে সাংবাদিকদের আরও অনেক বেশি সম্মান দেখানো উচিত।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকার প্রতি সাবেক কোচের এমন অকপট সমর্থন ও বুক চিতিয়ে পাশে দাঁড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে।