❒ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বীর নারায়নপুর বালিকা দল চ্যাম্পিয়ন। ছবি: ধ্রুব নিউজ
উপজেলা পর্যায়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শনী করে বীর নারায়নপুর তের আউলিয়া তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ।
রবিবার (০৩ মে) বিকেলে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় তারা শক্ত প্রতিদ্বন্দ্বী বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে। প্রথমার্ধে এগিয়ে যায় বীর নারায়নপুর দল। পরবর্তীতে তারা আরও একটি গোল করে নিজেদের অবস্থান শক্ত করে। যদিও বিজয়নগর দল একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বীর নারায়নপুর দলের দৃঢ় রক্ষণভাগ ও চমৎকার গোলকিপিংয়ের সামনে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
ম্যাচের অন্যতম নায়ক বর্ষা ঘোষ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একাই দুটি গোল করেন। অসুস্থতা নিয়েও তার এমন লড়াকু মানসিকতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অপরদিকে দলের গোলরক্ষক মুনতাসিয়া তুজ্জামান একাধিক নিশ্চিত গোল প্রতিহত করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শকদের মাঝে বাড়তে থাকে উত্তেজনা ও আগ্রহ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। ছোট ছোট শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি ও উৎসাহব্যঞ্জক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ।
খেলা শেষে সমাপনি অনুষ্ঠানে যশোর সদর ইনস্ট্রাক্টর (ইউআরসি) রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহারিয়ার হক। তিনি তার বক্তব্যে বলেন, “শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই শিশুরাই আগামী দিনের দেশের সম্পদ।” তিনি আরও বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সা. সাইফুল আলম প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান সহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খেলা শেষে কথা বলতে গিয়ে খেলোয়াড় বর্ষা ঘোষ বলেন, “আমরা টুর্নামেন্টে সাতটি দলের সঙ্গে খেলেছি এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছি। ফাইনাল ম্যাচেও জিতে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। অসুস্থ থাকলেও দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।”
গোলরক্ষক মুনতাসিয়া তুজ্জামান বলেন, “দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুবই আনন্দিত। কঠিন কিছু শট ঠেকাতে পেরেছি, যা আমাকে আত্মবিশ্বাসী করেছে।”
সহকারী শিক্ষক মারুফ হোসেন বলেন, “আমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করেছি। তাদের এই সাফল্য আমাদের পরিশ্রমের ফল। অসুস্থতা সত্ত্বেও খেলোয়াড়দের এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়।”
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ার পাশাপাশি আত্মবিশ্বাস ও দলগত মনোভাব গড়ে ওঠে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন হাফিজুর রহমান ও আল ইমরান।
ধ্রুব/এস.আই