ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সাথে উদ্ধারকৃত হালুয়াঘাট উপজেলার ৭ বছর বয়সী শিশু সিয়াম। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা বাজারে জননী সুপার মার্কেটের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত সেই শিশুটির (৭) পরিচয় মিলেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তাকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকৃত শিশুটির নাম সিয়াম। সে জানায়, তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের উত্তর বাঘাইতলা গ্রামে। সে তার মামার নাম বাদশা বললেও বাবার নাম জানাতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের জননী সুপার মার্কেটের সামনে শিশুটিকে একা কাঁদতে দেখে পথচারীরা এগিয়ে যান। শিশুটি জানায়, তার বাবা তাকে সেখানে রেখে চলে গেছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সাথে যোগাযোগ করলে তার নির্দেশনায় শিশুটিকে সংগঠনের কার্যালয়ে নিয়ে আসা হয়।
মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, আমরা খবর পাওয়ার পরপরই শিশুটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসি। পরবর্তীতে হালুয়াঘাট উপজেলার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। শিশুটির মামা তাকে শনাক্ত করেছেন।
ঘটনাটি জানার পর ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জানান, "বিষয়টি জানার পর আমরা গুরুত্বের সাথে নিয়েছি। উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌহিদুল ইসলামকে অবহিত করে শিশুটিকে আমাদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মানবিক দায়িত্ববোধ থেকে স্থানীয়দের এই তৎপরতা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সিয়াম তার স্বজনদের কাছে ফিরে যাবে।