নিজস্ব প্রতিবেদক
কারাগারে মৃত বাবুল ওরফে আক্তারুজ্জামান । ছবি: সংগৃহীত
যশোর কেন্দ্রীয় কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে, যা কারা প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
মৃত ব্যক্তির নাম বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫), কয়েদি নম্বর-৯২৪৫/এ। তিনি নড়াইল জেলার সদর থানার ভোয়াখালী গ্রামের লাল মিয়ার ছেলে ।
কারা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কারাগারে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন বাবুল। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ধ্রুব/এস.আই