Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেধার লড়াইয়ে বিএম হাইস্কুলের শ্রেষ্ঠত্ব: ঝিকরগাছায় বিজ্ঞান উৎসব

ঝিকরগাছা প্রতিনিধি ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৯:০৭ পিএম
মেধার লড়াইয়ে বিএম হাইস্কুলের শ্রেষ্ঠত্ব: ঝিকরগাছায় বিজ্ঞান উৎসব

ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’— এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বসেছিল ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ছিল অন্যরকম উদ্দীপনা।

সকাল থেকেই ঝিকরগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর। বিজ্ঞানের নানা জটিল সূত্রের সহজ সমাধান আর উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটাতে কুইজ ও অলিম্পিয়াডের লড়াইয়ে মেতে ওঠে তারা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল মূলত মেধা বিকাশের এক অনন্য মঞ্চ।

অনুষ্ঠানের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের এই চর্চা তাদের সৃজনশীলতাকে আরও শাণিত করবে।’

প্রতিযোগিতার প্রতিটি বিভাগেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে মেধার স্বাক্ষর রেখে অনন্য এক সাফল্য দেখিয়েছে ঝিকরগাছা বিএম হাইস্কুল। তারা ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডের জুনিয়র ও সিনিয়র— সব কটি বিভাগেই প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। এছাড়া আকিজ কলেজিয়েট স্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় এবং সম্মিলনী মহিলা কলেজ ও বাঁকড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাও তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে।

বিএম হাইস্কুলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো নাজমুল আলম। তিনি জানান, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হারুণ অর রশীদ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)