Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বর্ষবরণের প্রস্তুতি সভা, থাকছে না মুখোশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৩:০৯ পিএম
যশোরে বর্ষবরণের প্রস্তুতি সভা, থাকছে না মুখোশ

সকালে যশোর কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ছবি: ধ্রুব নিউজ

হাওয়ায় দুলছে নতুন বছরের আগমনী বার্তা। চারদিকে সাজসাজ রব। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখকে বরণ করে নিতে আজ অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সকালে যশোর কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় এবারের বর্ষবরণকে ঘিরে নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। তবে উৎসবের রঙে কিছুটা ভিন্নতা আনছে নিরাপত্তার কড়াকড়ি—বিশেষ করে শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ ব্যবহারের ক্ষেত্রে দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

যশোরের বর্ষবরণের অন্যতম আকর্ষণ থাকে বর্ণিল ‘বৈশাখী শোভাযাত্রা’। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল সকাল ৮:৩০ মিনিটে টাউন হল মাঠ থেকে বের হবে এই বিশাল আনন্দ মিছিল। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের সুর মূর্ছনায় শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। জেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের পদভারে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

নিরাপত্তার প্রশ্নে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, উৎসবে প্রাণের মেলা বসলেও নিরাপত্তার সাথে আপস নয়। তাই সরকারি নির্দেশনা মেনে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ঐতিহ্যের স্মারক হিসেবে মুখোশ হাতে বহন করা কিংবা প্লাকার্ড হিসেবে প্রদর্শনে কোনো বাধা নেই।

জেলা প্রশাসক বলেন, যশোরে বরাবরই নান্দনিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। নতুন সরকারের অধীনে আমরা এই নববর্ষকে আরও আনন্দঘন ও বর্ণিল করতে চাই। আবহমান বাংলার রূপ শোভাযাত্রায় ফুটিয়ে তোলার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, পহেলা বৈশাখ উদযাপনে আসা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিরসন ও জননিরাপত্তায় পুলিশ সদস্যরা পুরো শহরজুড়ে তৎপর থাকবেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যার আগেই সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উৎসবের এই আনন্দ পৌঁছে যাবে যশোর জেনারেল হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারগুলোতেও। এসব প্রতিষ্ঠানে পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী বাঙালি খাবার। শিশুদের আনন্দ রাঙাতে শিশু একাডেমি আয়োজন করেছে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার।

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এই আয়োজনকে আরও গতিশীল করতে প্রতিটি অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনকে ৫,০০০ টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।

প্রস্তুতি সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ যশোরের শিল্প-সাহিত্য ও প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার কণ্ঠেই প্রতিধ্বনিত হয়েছে এক সুর—নতুন বছরের সূর্য যেন নিয়ে আসে সম্প্রীতি ও নিশ্ছিদ্র নিরাপত্তার বার্তা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)