ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
ভালোবাসার টানে ভৌগোলিক সীমানা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে গেলেন যশোরের শার্শার সোহাগ হোসেন ও মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি। টিকটকে গড়ে ওঠা ছয় মাসের প্রেমের সম্পর্ককে স্থায়ী রূপ দিতে মা-বাবাকে সঙ্গে নিয়েই বাংলাদেশে পা রাখেন নূর হায়াতি। দুই পরিবারের সম্মতিতে শনিবার (২৮ নভেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল হোসেনের ছেলে সোহাগ হোসেন। প্রবাসজীবনের ১৫টি বছর তিনি কাটিয়েছেন মালয়েশিয়ায়। সেখানে অবস্থানকালেই টিকটকের মাধ্যমে কুয়ালালামপুরের বাসিন্দা নূর হায়াতির সঙ্গে তার প্রথম পরিচয়। সেই ভার্চ্যুয়াল পরিচয়ই সময়ের পরিক্রমায় রূপ নেয় গভীর ভালোবাসায়।
নিজেদের সম্পর্কের গল্প জানিয়ে সোহাগ বলেন, টিকটকের সূত্র ধরে প্রথমে বন্ধুত্ব, তারপর নিয়মিত আলাপচারিতা। একপর্যায়ে দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। প্রায় ছয় মাসের সেই সম্পর্কের বিশ্বাসের ওপর ভর করেই অনলাইনের গণ্ডি ছাড়িয়ে বাস্তব জীবনে এক হওয়ার সিদ্ধান্ত নেন তারা।
নূর হায়াতি জানান, প্রিয়জনের কাছে আসার পথে তিনি একা ছিলেন না; মা-বাবাকেও সঙ্গে করে নিয়ে আসেন। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে এসে ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে ওঠেন তিনি। এরপর দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তারা।
দুই ভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের এই মিলনকে কেন্দ্র করে সোহাগের পরিবার ও ডুপপাড়া গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অন্তর্জালের মাধ্যমে শুরু হওয়া এমন সম্পর্কের সফল পরিণতিতে আনন্দিত দুই পরিবারের স্বজন ও প্রতিবেশীরা।