নিজস্ব প্রতিবেদক
ছবি: এআই প্রণীত
যশোর: চূড়ামনকাটি বাজারে খুচরা টাকা না থাকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে চা বিক্রেতার কেটলির আঘাতে সাকিব (২০) নামের এক তরুণ ক্রেতা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাকিব যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। অভিযুক্ত চা বিক্রেতা বিপুল (২২) একই উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আতিয়ারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চূড়ামনকাটি বাজারের বিপুলের দোকানে চা পান করতে যান সাকিব। চা খাওয়ার পর পাওনা শোধ করার সময় ভাংতি/খুচরা টাকা নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চা বিক্রেতা বিপুল চায়ের কেটলি দিয়ে সাকিবের মাথায় সজোরে আঘাত করেন।
এতে সাকিবের মাথা ফেটে রক্তপাত শুরু হয়। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।