নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে লিভিত বক্তব্য পাঠ করছেন হেলাল হোসেন। ছবি: ধ্রুব নিউজ
যশোর: পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. হেলাল হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন হেলাল হোসেন। তিনি যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের মৃত ইনতাজ আলী বিশ্বাসের ছেলে।
লিখিত বক্তব্যে হেলাল হোসেন জানান, তার দাদা মকসেদ আলী বিশ্বাসের নামে চাউলিয়া মৌজার ৯২৫ নম্বর খতিয়ানের এসএ ৫৫৪ নম্বর দাগে মোট ৭ শতক জমি রয়েছে। দাদা জীবিত থাকাকালে ৬২৯০ নম্বর দলিলের মাধ্যমে ইউনুচ আলী মোল্লার কাছে ২ দশমিক ২৫ শতক জমি বিক্রি করেন। দাদার মৃত্যুর পর বৈধ ওয়ারিশ হিসেবে তাঁরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবশিষ্ট জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এই জমি নিয়ে বিরোধের জেরে বর্তমানে আদালতে একটি দেওয়ানি মামলা (নম্বর: ৪৬৩/২০২৫) বিচারাধীন রয়েছে।
অভিযোগ করে হেলাল হোসেন বলেন, স্থানীয় ইমদাদুল ইসলাম টুটুল, তার বড় ভাই মেহেদি হাসান বাবু ওরফে বোতল বাবু এবং তাদের চাচা মুনতাজ গাজী, হায়দার গাজী, নিজাম গাজীসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করেন এবং জোরপূর্বক ঘরবাড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালান।
এ সময় জমি দখলের চেষ্টায় বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি মামলা তুলে না নিলে বা জমি ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
হেলাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “অভিযুক্তদের ক্রমাগত হুমকি ও সন্ত্রাসের কারণে আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। নিজ বাড়িতেও আমরা এখন নিরাপদ নই। এ বিষয়ে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৈতৃক সম্পত্তির আইনি অধিকার ফিরে পেতে এবং পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।