ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মরহুম আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (৩০ মে)। ২০২০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইন ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি একজন প্রখ্যাত মুহাদ্দিস ও খ্যাতিমান ইসলামী বক্তা হিসেবে দেশব্যাপী তাঁর পরিচিতি ছিল।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, “মরহুম আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন ছিলেন অত্যন্ত বিনয়ী ও জনমুখী একজন মানুষ। দেখা হলে অধিকাংশ সময় তিনিই আগে সালাম দিতেন, যা তাঁর বড় হৃদয়ের পরিচয় বহন করে। কর্মমুখর জীবনের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।”
যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবিদুর রহমান বলেন, “সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত মুহাদ্দিস মরহুম আবু সাঈদ মুহাম্মদ শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সৎ, খোদাভীরু ও আদর্শবান মানুষ। ব্যক্তি, নেতা এবং আলেম সব পরিচয়েই তিনি ছিলেন অনুকরণীয়।”
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম বলেন, “আমাদের প্রিয় নেতা মরহুম আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন আজীবন দ্বীন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান আল্লাহ তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রবিবার ঝিকরগাছা প্রেসক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ৫ জুন তাঁর নিজ এলাকা বাঁকড়ায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।