চৌগাছা (যশোর) প্রতিনিধি
উপজেলা পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশের বীরত্বপূর্ণ ইতিহাস তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ভাষা শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, একুশের চেতনাকে ধারণ করে আগামী দিনে আইনের সুশাসন প্রতিষ্ঠায় আমাদের বদ্ধপরিকর হতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ। জামায়াত আমীর তার বক্তব্যে একুশে ফেব্রুয়ারিকে ‘৮ই ফাল্গুন’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আদালতের সকল রায় বাংলা ভাষায় প্রদানের জন্য প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও তানভীর আহমেদ একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে তিনি বলেন, এসব যৌক্তিক বিষয় বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ চেষ্টা ও সুপারিশ করা হবে।
আলোচনা সভা শেষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।