নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ৫টা ৫৫ মিনিটে আফরা মোড় সংলগ্ন জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যের নাম হুমায়ুন কবির রিপন (৪৫)। তিনি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা এবং যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। আহতরা হলেন— চৌগাছা উপজেলার ভেকুটিয়া গ্রামের হাসানের ছেলে রশিদ (৪০), রঘুনাথপুর গ্রামের লোকমানের ছেলে তুহিন (৩৫) এবং ভেকুটিয়া গ্রামের কামরুল হোসেনের ছেলে রাহুল (২০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে কর্মস্থল থেকে আউটপাস নিয়ে নিজের পালসার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন হুমায়ুন কবির। পথিমধ্যে আফরা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই সেনা সদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নেন।
সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।