ধ্রুব নিউজ ডেস্ক
প্রশান্ত মহাসাগরের শক্তিশালী টাইফুন চামপি ছবি: সংগৃহীত
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অতিপ্রবল সামুদ্রিক ঝড় ‘টাইফুন চামপি’ দ্রুত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উপকূলের দিকে এগিয়ে আসছে। ঝড়ের সম্ভাব্য তাণ্ডব মোকাবিলায় ইতোমধ্যে তাইওয়ানজুড়ে ভূমি সতর্কতা (ল্যান্ড ওয়ার্নিং) জারি করা হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে অঞ্চলে চলমান যুক্তরাষ্ট্র ও জাপানের বৃহৎ যৌথ সামরিক মহড়ার সূচিতেও জরুরি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের বুলেটিন অনুযায়ী, এই অতিপ্রবল টাইফুনটির কেন্দ্রস্থলের কাছাকাছি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আবহাওয়াবিদদের ধারণা, এটি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল স্পর্শ করে পরবর্তীতে জাপানের দক্ষিণাঞ্চলীয় এলাকার দিকে ধাবিত হতে পারে।
টাইফুন চামপির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছানোয় তাইওয়ানের বিস্তীর্ণ এলাকা এখন সরাসরি ঝুঁকিতে রয়েছে। উপকূলীয় অঞ্চলে সাগরের ঢেউ ৬ মিটার পর্যন্ত উঁচুতে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকায় প্রায় এক মিটার (১,০০০ মিলিমিটার) পর্যন্ত মুষলধারে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে দেশের সর্বসাধারণকে পাহাড়ি ও উপকূলীয় অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি সবাইকে আগাম প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার প্রধানত অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়। তবে এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কোনো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
টাইফুনটির প্রভাবে তাইওয়ানের নিকটবর্তী জাপানি দ্বীপগুলো, বিশেষ করে ওকিনাওয়া অঞ্চলের জনবসতিপূর্ণ ইয়োনাগুনি দ্বীপে তীব্র আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। যাত্রী নিরাপত্তার কথা ভেবে জাপানের শীর্ষ বিমান সংস্থা 'জাপান এয়ারলাইনস', 'এএনএ' এবং 'স্কাইমার্ক' বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। এতে করে ১১ হাজারের বেশি যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
অন্যদিকে, তাইওয়ান সংলগ্ন জাপানি দ্বীপগুলোতে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ অংশগ্রহণে ৫৬ হাজার সেনার বিশাল দুই বছর মেয়াদী ‘কিন সোর্ড’ (Keen Sword) সামরিক মহড়া চলছিল। টাইফুন চামপির কারণে এই মহড়ার গতিপথ ও দৈনন্দিন সূচি পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন করা হচ্ছে।