আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এদিকে এরইমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া গতকাল ইসরায়েল দাবি করে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও আইআরজিসি'র প্রধানও তাদের হামলায় নিহত হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ হামলায় ইরানে অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
এদিকে খামেনির নিহতের পর দেশটির দায়িত্ব কে নিতে যাচ্ছেন সেসব নিয়ে কিছু বলা হয়নি। ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন দেশটির বিশেষজ্ঞমণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ।
ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর খামেনিই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।
এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি আট বছর অন্তর। কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামে একটি কমিটির অনুমোদনের ওপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।
তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবিরাম হামলায় দেশটির হাল কে ধরবেন তা নিয়ে এখন ধোঁয়াশা শুরু হয়েছে।
খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
শিগগিরই মহান জাতীয় উদযাপনের সুযোগ আসছে জানিয়ে ইরানের নির্বাসিত প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি বলেছেন, ইরানের হাজার হাজার সাহসী পুত্র-কন্যার হত্যাকারী আয়াতুল্লাহ আলী খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের শেষ শাহ (রাজা) এর নির্বাসিত পুত্র রেজা পাহলভি, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন। তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্তপিপাসু জাহহাকের (ইরানি পুরাণে একজন দুষ্ট রাজা’ বলে অবিহিত করেছেন।
রেজা পাহলভি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্র কার্যকরভাবে শেষ হয়ে গেছে এবং শিগগিরি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।
একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগ দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছেন রেজা পাহলভি। তিনি বলেন, এটিই সামরিক, নিরাপত্তা এবং পুলিশ বাহিনীকে জনগণের সাথে যোগ দেওয়ার শেষ সুযোগ।