Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অন্ধকারে আলোর ছোঁয়া

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৩:৫৮ পিএম
অন্ধকারে আলোর ছোঁয়া

শুক্রবার সকাল ১১টায় শহরের জয়তি সোসাইটির হলরুমে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

দৃষ্টির আলো যার নেই, তার কাছে পৃথিবীর সব সৌন্দর্যই অর্থহীন। আর সেই হারানো দৃষ্টি যখন কেউ ফিরে পায়, তখন তার চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। এমনই এক মানবিক ও সেবামূলক উদ্যোগের সাক্ষী হলো যশোরবাসী। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চোখের আলো ফিরিয়ে দিতে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।

আজ শুক্রবার সকাল ১১টায় শহরের জয়তি সোসাইটির হলরুমে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সমাজের একটি বড় অংশ সঠিক সময়ে চোখের চিকিৎসা করাতে পারেন না। এই পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কেবল চোখের চিকিৎসাই নয়, আগামীতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অন্যান্য রোগের জন্যও এই ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে।"

এডুকেশনাল, চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর সার্বিক সহায়তায় এই মানবিক ক্যাম্পের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ থাকায় সকাল থেকেই জয়তি সোসাইটি প্রাঙ্গণে ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে দেড় শতাধিক ষাটোর্ধ্ব প্রবীণ নারী ও পুরুষকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। শুধু প্রাথমিক চিকিৎসাই নয়, পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে বাছাইকৃত ১৫ জন জটিল রোগীকে চিহ্নিত করা হয়েছে, যাদের চোখের ছানি অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে লেন্স স্থাপন করে দেওয়া হবে। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দৃষ্টিহীন মানুষগুলো পুনরায় পৃথিবীর আলো দেখার সুযোগ পাবেন।

সেবা নিতে আসা কয়েকজন প্রবীণ জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলেন না। আজ বিনামূল্যে ডাক্তার দেখানোর পাশাপাশি ওষুধ এবং চশমা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ইকোর প্রোগ্রামার আরিফ নূর এবং প্রজেক্ট অফিসার আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্যোক্তারা মনে করেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তবে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং কোনো মানুষই চিকিৎসার অভাব ভুগবে না।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)