সেলিমের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইঞ্জিনচালিত ভ্যান উপহার পেয়েছেন ছবি: ধ্রুব নিউজ
অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন মুন্সিপাড়ার সেলিম হোসেন। সেই স্বপ্ন পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। সেলিমের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি একটি ইঞ্জিনচালিত ভ্যান উপহার দিয়েছেন।
সেলিম হোসেনের দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান হলো এই ভ্যানটি পাওয়ার মাধ্যমে। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে একটি বাহন তার জন্য ছিল খুবই জরুরি। মুন্সি নাজমুল হোসেন জানান, তিন বছর আগে সেলিম তার কাছে একটি ভ্যানের জন্য আবেদন করেছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
ভ্যান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিপাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন, মসজিদের সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা, মোল্লাপাড়া মসজিদের ইমাম ইমরান মোল্লা, মনোয়ার হোসেন, জিয়াউল হক মাসুম ও শাফিন হোসেন, মুন্সি আকরাম হোসেন, মেহেদী হাসান ও এনামুল হক, তাইজুল হোসেন, আবু হানিফ মোল্লা ও আজবাহার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার প্রদানকালে মুন্সি নাজমুল হোসেন বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে অসংখ্য মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। একটি ছোট উদ্যোগ কীভাবে একজনের জীবন বদলে দিতে পারে, এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।