বিশেষ প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ড ছবি: ধ্রুব নিউজ
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১ হাজার ৬৮৪ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৭৪৪ জনের এবং ফেল থেকে পাস করেছে ৩৮০ জন। এছাড়া নতুন জিপিএ-৫ অর্জন করেছে ১৮২ জন শিক্ষার্থী। আবেদনের ভিত্তিতে ফলাফল পরিবর্তনের হার ২ দশমিক ২৫ শতাংশ।
শিক্ষাবোর্ডের তথ্য মতে, জমা পড়া মোট ২৮ হাজার ৮৬২ জন শিক্ষার্থীর ৭৪ হাজার ৭১৭টি আবেদনের মধ্যে নতুন করে ‘এ প্লাস’ পেয়েছে ৭৫২টি খাতায়। বৃহস্পতিবার সকালে খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশকালে এসব তথ্য তুলে ধরেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য ২৫টি বিষয়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। পুনঃনিরীক্ষা শেষে ১ হাজার ৬৮৪ জনের ফলাফল পরিবর্তন পাওয়া গেছে। বিভিন্ন বিষয়ে নতুন করে এ প্লাস এসেছে ৭৫২টি খাতায়। একইভাবে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী। সার্বিক পরিবর্তন শেষে এ বছরের ফলাফলে নতুন করে জিপিএ-৫ ধারী হিসেবে যুক্ত হয়েছে ১৮২ শিক্ষার্থীর নাম। ফলে চলতি বছরের এসএসসিতে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জনে। এর আগে গত ১০ আগস্ট ঘোষিত ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছিল ১১ হাজার ৪৭৮ জন।
সূত্রমতে, ফেল থেকে পাস করা ৩৮০ জনের মধ্যে 'এ' গ্রেড পেয়েছে ১ জন, 'এ মাইনাস' ৩ জন, 'বি' গ্রেড ৩৩ জন, 'সি' গ্রেড ১৯ জন এবং 'ডি' গ্রেড পেয়েছে ৩২৪ জন।
এছাড়া ফলাফল পরিবর্তিতদের মধ্যে 'ডি' থেকে 'এ মাইনাস' পেয়েছে ১ জন ও 'সি' গ্রেড ১৪ জন। 'সি' থেকে 'এ' গ্রেড ১ জন, 'এ মাইনাস' ১ জন ও 'বি' গ্রেড পেয়েছে ১৯৬৫ জন। 'বি' থেকে 'এ প্লাস' ২ জন, 'এ' গ্রেড ১২ জন ও 'এ মাইনাস' পেয়েছে ১৫০ জন। 'এ মাইনাস' থেকে 'এ প্লাস' ১৯ জন ও 'এ' গ্রেড পেয়েছে ৩০৮ জন। 'এ' গ্রেড থেকে 'এ প্লাস' পেয়েছে ৭৩১ জন।
এ বিষয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, "এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে প্রথমবার প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। যার ফলে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে এবং বিষয়ভিত্তিক এ প্লাসের সংখ্যাও বেশ বেড়েছে। যেসব শিক্ষকের ত্রুটির কারণে এসব ভুল হয়েছে, তাদের বিরুদ্ধে পরীক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকেই খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হবে না।"
বিস্তারিত ফলাফল দেখতে ক্লিক করুন-