নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় এক নারীর শ্লীলতাহানির অভিযোগে জামাল হোসেন নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক জামাল হোসেন লক্ষ্মীপুর শহরের চন্দ্রগঞ্জ হাজীপাড়ার হাসান আলীর ছেলে। তিনি বর্তমানে নীলগঞ্জ তাঁতীপাড়ার জামেলা খাতুনের বাড়ির ভাড়াটিয়া।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর আইটি পার্ক সংলগ্ন বকচর এলাকায় রাস্তার পাশে কাঁচামালের ব্যবসা করেন জামাল হোসেন। গত ২ জুন রাত আড়াইটার দিকে ভুক্তভোগী নারীর স্বামী ঘরের দরজা খুলে বাইরে বাথরুমে যান। এই সুযোগে জামাল হোসেন ঘরের ভেতর ঢুকে ওই নারীর শ্লীলতাহানি ঘটায়। এ সময় নারীর চিৎকারে তার স্বামী দ্রুত ছুটে আসলে জামাল হোসেন কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
পরবর্তীতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জামাল হোসেন বকচর এলাকায় তার কাঁচামালের দোকান খুললে স্থানীয় লোকজন তাকে চিনে ফেলে। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, নারীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় জামাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।