নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত অনিক হাসান অনি এবং তার সহযোগী তানভীর আহম্মেদকে ওয়ান শুটারগান, বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। আটক অনিক হাসান অনির বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সুজন কুমার মন্ডলের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনসহ একটি চৌকস টিম চাঁচড়া বাবলাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আলতুর ছেলে অনিক হাসান অনি এবং তারেক কাজীর ছেলে তানভীরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে অভিযুক্ত অনির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি এবং তার সহযোগী তানভীরের কাছ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আটক অনিক হাসান অনি পুলিশের তালিকাভুক্ত একজন গুরুতর অপরাধী। তার বিরুদ্ধে পূর্বের হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আটক এই দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।