মাদকসহ আটক ৪জন ছবি: ধ্রুব নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও রেক্টিফাইড স্পিরিটসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজা, ২শ’ পিস ইয়াবা এবং ৫ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে অভিযানিক দল সদরের নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের রাব্বী শেখ ওরফে বাপ্পীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক ও তার স্বীকারোক্তিতে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে একই এলাকার তপন কুমার হালদারের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়।
একই দিনে সকাল ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম নামে এক নারীকে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া বিকালে যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলরত একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আব্দুল গফুর সরদারকে আটক ও তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।