ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশি অভিযানের মুখে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা হাতকড়াপরা অবস্থাতেই পালিয়ে গেছেন। তাকে ছিনিয়ে নিতে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়, এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম আবু ছিদ্দিক। তিনি কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য এবং চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দর্শনা থানা পুলিশের একটি চণ্ডীপুর এলাকায় আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে অভিযান চালায়। তাকে আটক করে হাতকড়া পরানোর পরপরই তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগে আবু ছিদ্দিক হাতকড়াসহ সটকে পড়েন। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদান ও হামলার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—চণ্ডীপুর হালদারপাড়ার লক্ষ্মণ, ফিরোজ, কণা এবং সোনালী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ জানান, অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে আটকের সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। পলাতক ইউপি সদস্যকে পুনরায় গ্রেপ্তার এবং ব্যবহৃত হাতকড়া উদ্ধারে পুলিশের একাধিক দল চণ্ডীপুর ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে কাজ চলছে এবং আসামিকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।