নিজস্ব প্রতিবেদক
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এস এম সুলতান ফাইন আর্ট কলেজ, যশোর আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা মোট ৫০টি শিল্পকর্ম স্থান পায়।
শুক্রবার (১৫ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে সুযোগ থাকলে প্রতীকী মূল্যে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জন্য জমি প্রদানের ব্যবস্থা করা হবে।
সংস্কৃতির প্রসারের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবার বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, যশোর শিশু হাসপাতালকে শিগগিরই বৃহত্তর পরিসরে চালু করা হবে। তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই শিশু হাসপাতালটির কাজ শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালটি ভগ্নদশায় পড়ে আছে। আমরা এটিকে নতুন করে পূর্ণাঙ্গ রূপে মানুষের সেবায় চালু করব।"
তিনি জানান, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ এবং করোনিক কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যা অচিরেই সম্পন্ন হলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। করোনিক কেয়ার ইউনিট চালুর পরপরই শিশু হাসপাতালটিকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিল। আজ যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদের একটি বড় অংশ তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাইকে সতর্ক থাকতে হবে। মুখে গণতন্ত্রের কথা বলে অন্তরে ফ্যাসিস্ট লালনকারীরা সুযোগ পেলেই আবারও ছোবল মারবে।"
এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।