ক্রীড়া ডেস্ক
হার্ভি রেনার্ড ছবি: গেটি ইমেজেস
বিশ্বকাপ ফুটবল মানেই যেন রোমাঞ্চ আর নাটুকে মোড়। তবে মাঠের সেই রোমাঞ্চকেও হার মানালেন ফরাসি কোচ হার্ভি রেনার্ড। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে চাকরি হারিয়েও, চলমান টুর্নামেন্টেই অবিশ্বাস্যভাবে ডাগআউটে ফিরছেন এই মাস্টারমাইন্ড।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদি আরব। সেই ঐতিহাসিক জয়ের নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন হার্ভি রেনার্ড। ২০২৩ সালে সৌদির চাকরি ছেড়ে তিনি ফ্রান্স নারী দলের দায়িত্ব নেন। এরপর রেনার্ডের জায়গায় রবার্তো মানচিনিকে এনেছিল সৌদি। তবে মানচিনির অধীনে আশানুরূপ পারফরম্যান্স না আসায়, ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে রেনার্ডকেই ফিরিয়ে আনে সৌদি আরব ফুটবল ফেডারেশন।
দ্বিতীয় দফায় এসেও রেনার্ড নিজের জাদু দেখান। তার অধীনেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সৌদি আরব। কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে নাটকীয়ভাবে তাকে বরখাস্ত করে সৌদি ফুটবল কর্তৃপক্ষ।
সৌদির ডাগআউট থেকে বরখাস্ত হওয়ার পর মনে হচ্ছিল, এবারের বিশ্বকাপটি হয়তো টিভিতেই দেখতে হবে ফরাসি এই কোচকে। কিন্তু নিয়তি তার জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিল।
এক ম্যাচ হারতেই বরখাস্ত তিউনিসিয়ার কোচ!
চলমান বিশ্বকাপ চলাকালীনই আশানুরূপ ফল না পাওয়ায় নিজেদের কোচকে বরখাস্ত করে তিউনিসিয়া। আর শূন্য হওয়া সেই হটসিটে তিউনিসিয়া ফুটবল বোর্ড বেছে নেয় রেনার্ডকে। ফলে এক দেশের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে চাকরি হারানো রেনার্ড, চলমান টুর্নামেন্টেই অন্য দেশের হয়ে আবারও ডাগআউটে ফেরার এক বিরল কীর্তি গড়লেন।