Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা যুগের সমাপ্তি!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১২:০০ পিএম
ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা যুগের সমাপ্তি!

এই সিজনের শেষেই সিটিকে বিদায় জানাতে পারেন সিটির ইতিহাসের সফলতম কোচ পেপ গার্দিওলা ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

১০ বছরের গৌরবময় অধ্যায়ের পর অবশেষে কি ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা? ফুটবল বিশ্বে এখন এটিই সবচেয়ে বড় গুঞ্জন। ভেতরের খবর, চলতি মৌসুম শেষেই পেপ গার্দিওলা ইতিহাদ স্টেডিয়াম ছাড়ছেন—এমনটাই ধরে নিয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। ক্লাবের বেশ কয়েকজন খেলোয়াড় এবং স্টাফও বিশ্বাস করেন যে, এই গ্রীষ্মেই ক্লাবকে বিদায় জানাবেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।

যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও গার্দিওলা বরাবরই তা এড়িয়ে গেছেন। গত সোমবার এই বিষয়ে সিটির ঘনিষ্ঠ সূত্রের সাথে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, "পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি।" তবে ক্লাবের ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, গার্দিওলার চলে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকার কথা গার্দিওলার। তবে তার চুক্তিতে একটি বিশেষ 'ব্রেক ক্লজ' বা শর্ত রয়েছে, যা তাকে চলতি মৌসুমের শেষেই ক্লাব ছাড়ার অনুমতি দেয়। বর্তমানে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। দলের মনোযোগে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে কারণে ক্লাব কর্তারা এখনই গার্দিওলার বিদায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চাচ্ছেন না।

এদিকে প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য এখন সুতোয় ঝুলছে। গত সোমবার এমিরেটস স্টেডিয়ামে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেছে আর্সেনাল। ফলে আজ মঙ্গলবার ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে সিটিকে অবশ্যই জিততে হবে। সিটি যদি আজ হেরে যায় বা ড্র করে, তবে ২০০৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে মিকেল আরতেতার আর্সেনাল।

গার্দিওলা চলে গেলে সিটির ডাগআউটে কে বসবেন—তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। জানা গেছে, গার্দিওলার বিকল্প হিসেবে ম্যানচেস্টার সিটির প্রথম পছন্দ চেলসির সাবেক বস এনজো মারেস্কা। গত জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে আসা মারেস্কার সাথে ইতোমধ্যে ইতিহাদের পক্ষ থেকে যোগাযোগও করা হয়েছে। উল্লেখ্য, মারেস্কা এর আগে ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিদায়ের গুঞ্জনের মাঝেই গত শনিবার চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এটি সিটির কোচ হিসেবে গার্দিওলার ২০তম ট্রফি। এছাড়া গত মার্চে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপও জিতেছিল সিটি। মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলার পরের দিন এই দুটি ট্রফি নিয়ে ট্রফি প্যারেড বা বিজয় উৎসব করার পরিকল্পনা করেছে ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির ইতিহাসে পেপ গার্দিওলার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে ইতিহাদ স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম তার নামে নামকরণ করার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)