নিজস্ব প্রতিবেদক
কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যশোর জেলা জামায়াতের মতবিনিময় ছবি: ধ্রুব নিউজ
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মতবিনিময় সভা করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। মতবিনিময় সভায় কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে তিনি বলেন, খুলনা বিভাগে জামায়াতের জনপ্রিয়তা বেশি। এই বিভাগের মানুষ ৩৬ আসনের মধ্যে ২৫টি আসনে আমাদের প্রার্থীদের এমপি বানিয়েছেন। জনগণের অধিকার আদায়ে ৭ দফা দাবিতে দেশব্যাপী ১১ দলীয় ঐক্য যে লংমার্চ কর্মসূচি চলছে যশোরের কর্মসূচিতে জনগণের সর্বোচ্চ উপস্থিতি আমরা নিশ্চিত করতে চাই। খুলনা থেকে লংমার্চের গাড়ি বহর যখন যশোরে প্রবেশ করবে রাস্তার দুই ধারে মানুষ দাড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দকে স্বাগত জানাবেন। পুরুষের পাশাপাশি নারীরাও উপস্থিত থাকবেন।
লংমার্চের খবর প্রচারে গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চান তিনি। লংমার্চের খবর সারাবিশ্বে পৌছে দিতে যশোরের কনটেন্ট ক্রিয়েটরদের আহবান জানান এই জামায়াত নেতা। তিনি আরও বলেন, মানুষ এখন হাতের মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাবিশ্বের খবর জানতে আগ্রহী। তাই লংমার্চের খবরও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে পৌছে দিতে উদ্যোগ নিয়েছি। কেন্দ্র থেকে এই কাজটি সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি (আইসিটি) মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, প্রচার সহকারী আলমগীর হোসাইন, আশরাফুল ইসলাম তাজিম, সাংবাদিক রহিদুল ইসলাম খান, তরিকুল ইসলাম তারেক প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা সভায় অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন।