Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্মীয় পরিচয় নয়, সবার প্রথম পরিচয় 'বাংলাদেশি': প্রধানমন্ত্রী তারেক রহমান

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৮:০৪ পিএম
ধর্মীয় পরিচয় নয়, সবার প্রথম পরিচয় 'বাংলাদেশি': প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

সব বিভেদ ভুলে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিটি নাগরিককে 'বাংলাদেশি' হিসেবে ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

পূজামণ্ডপ পরিদর্শকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার। আমাদের সবার ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি আমাদের সকলের। এ মাটিতে যেমন আপনার সমান অধিকার রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্র পুনর্গঠনের সমান দায়িত্ব।"

তিনি আরও জোর দিয়ে বলেন, ধর্মের চেয়ে মানুষের কাছে তার মানবিক ও রাষ্ট্রীয় পরিচয়ই সবচেয়ে বড়। এ দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের যেমন মৌলিক দায়িত্ব, তেমনি একে অপরকে আগলে রেখে একসঙ্গে পথচলাও সব নাগরিকের নাগরিক কর্তব্য।

বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রাম ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ যখন জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছিল, তখন কেউ কারও ধর্মীয় পরিচয় জানতে চায়নি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছেন।

একইভাবে বিগত দিনে মানুষের রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর 'জুলাই গণঅভ্যুত্থান'—প্রতিটি সংগ্রামেই সব ধর্মের মানুষের রক্ত মিশে রয়েছে। সকালে ওসমানী উদ্যানে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে সব ধর্মের মানুষই নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

দেশের সুষম উন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনের সুফল সব নাগরিকের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় পূজার শুভেচ্ছা জানিয়ে তিনি প্রাঙ্গণে উপস্থিত সবাইকে একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষনেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)