কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর-সাবদারপুর সড়কে গভীর রাতে খেজুর গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল আরোহী, ট্রাক ও তেলের লরিচালকের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে মুখোশধারী ডাকাত দল। ডাকাতদের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কোটচাঁদপুর থানার লক্ষ্মীকুণ্ডু গ্রামের কুশোগুড়ি মাঠসংলগ্ন সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর জহিরুল ইসলাম (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি মেহেরপুরের মুজিবনগর থেকে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুরে ফিরছিলেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫-৬ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল সড়কের ওপর খেজুর গাছের গুঁড়ি ফেলে জহিরুল ও তার সঙ্গী মমিনুর রহমানের মোটরসাইকেলের গতিরোধ করে। জহিরুল মোটরসাইকেল থেকে নামামাত্রই ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে জহিরুলের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল এবং মমিনুরের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর ডাকাত দল ওই সড়কে আসা দুটি ট্রাক ও একটি তেলের লরির গতিরোধ করে। তারা ট্রাকচালক রিয়াদকে মারধর করে এবং তেলের লরির চালকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। ভুক্তভোগীরা জানান, ডাকাতির সময় অপরাধীরা নিজেদের মধ্যে একজনকে 'মাস্টার' বলে সম্বোধন করছিল। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিল।
খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।