Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লঙ্কা প্রিমিয়ার লিগে ফিরছেন সাকিব: খেলবেন সবচেয়ে সফল দল জাফনা কিংসে

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ১০:৫৮ এ এম
লঙ্কা প্রিমিয়ার লিগে ফিরছেন সাকিব: খেলবেন সবচেয়ে সফল দল জাফনা কিংসে

২০২৩ সালে লঙ্কা প্রিমিয়ার লীগে সাকিব খেলেছিলেন গল টাইটানসে ছবি: এল পি এল

আরও একবার শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠ কাঁপাতে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে ক্রিকেটপ্রেমীদের চেনা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

সাকিব আল হাসানকে দলে নেওয়ার খবরটি যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিশেষ কার্ড পোস্ট করে ভক্তদের জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ। সেখানে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়ে তারা লিখেছে:

"বিশ্ব টি-টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাঁকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের যখন স্থিতিশীলতা দরকার, তখন ব্যাট হাতে রান এনে দেন সাকিব। ম্যাচে যখন প্রয়োজন হয় ব্রেকথ্রু, তখন বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।"

শ্রীলঙ্কার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের খেলার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। সেবার ১০টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ১১টি উইকেট।

তবে এবার সাকিব মাঠ নামবেন টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী শিবিরের হয়ে। এলপিএলের ইতিহাসে জাফনা কিংস একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে। এখন পর্যন্ত টুর্নামেন্টটি মোট পাঁচবার অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চারবারই ট্রফি ঘরে তুলেছে জাফনা। স্বাভাবিকভাবেই এমন একটি সফল দলে সাকিবের অন্তর্ভুক্তি দলটিকে আরও শক্তিশালী করবে।

গত দুই বছর বন্ধ থাকার পর নতুন উদ্যমে আবারও মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে এবারের টুর্নামেন্ট। কলম্বোয় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন সাকিব আল হাসান। উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংসের প্রতিপক্ষ গল মার্ভেলস।

এই টুর্নামেন্টের হাত ধরেই দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সাকিব। তিনি সর্বশেষ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন গত জানুয়ারি মাসে। সে সময় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) মুম্বাই এমিরেটসের জার্সি গায়ে জড়াতে দেখা গিয়েছিল এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। লঙ্কার মাঠ দিয়ে সাকিব আবারও নিজের চেনা ছন্দে ফিরবেন—এমনটাই প্রত্যাশা বিশ্বজুড়ে থাকা তাঁর কোটি ভক্তের।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)