ধ্রুব ডেস্ক
অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে ইরান। ৪৫ দিনের প্রাথমিক যুদ্ধ বিরতির আলোচনার মধ্যেই এমন সিদ্ধান্ত জানাল তেহরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র স্থায়ী যুদ্ধবিরতি হলেই এ প্রণালি খুলে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র শান্তিতে বিশ্বাসী নয় জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলে মনে করে ইরান। সুতারং সাময়িক কোনো চুক্তির ভিত্তিতে তারা এ গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেবে না। এদিকে যুদ্ধের ৩৮তম দিনে গতকাল সোমবার ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল ও আমেরিকা। জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এছাড়া গতকাল ইরানে ছয় শিশুসহ ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্সের।
ইরানের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, অবিলম্বে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে আসা প্রস্তাব পর্যালোচনা করছে তারা। ইরানের বৈদ্যুতিক অবকাঠামোয় হামলায় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম আজ মঙ্গলবার শেষ হবে। আমেরিকা স্থায়ী যুদ্ধ বন্ধে বিশ্বাসী নয় জানিয়ে তিনি বলেন, ট্রাম্পের হুমকির ওপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমস্যা সমাধানে আলোচনার মধ্যে যুদ্ধাপরাধ করার জন্য হুমকি এবং আলটিমেটাম দেওয়া অন্যায়। এ সময় তিনি বলেন, ইরান আত্মরক্ষার অধিকার রাখে এবং সব হামলার সমুচিত জবাব দেওয়া হবে।
ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত
ইসরাইলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হত্যার দায় স্বীকার করে বলেছে, এটি ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরো বড় ধাক্কা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, গতকাল সকালে তিনি নিহত হয়েছেন। তাকে হত্যার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আইআরজিসি।
এর আগে, ২০২৫ সালের জুনে ইসরাইলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হলে তার স্থলাভিষিক্ত হন খাদেমি।
মার্কিন-ইসরাইলি হামলায় ছয় শিশুসহ ইরানে ৩৪ জন নিহত
ইরানের তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ছয় শিশু নিহত হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, নিহত ছয় শিশুর মধ্যে চারজন মেয়ে, দুজন ছেলে। তাদের সবার বয়স ১০ বছরের নিচে। এ ঘটনায় সর্বমোট ১৩ জন নিহত হয়। এছাড়া কোয়াম সিট এবং দক্ষিণ ইরানের বন্দর এ লেং শহরে হামলায় বাকিরা নিহত হন। গতকাল যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রায় ১২টি শহরে হামলা করে। তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়, একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হমলা চালায় ইসরাইল। যুদ্ধের শুরু থেকে ইরানের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে।
ইরানের হামলায় ইসরাইলে চারজন নিহত
ইসরাইলের হাইফায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন। হামলায় বিধ্বস্ত ভবনের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জেরুজালেম, তেল আবিব এবং এলিয়াতে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদমাধ্যম জানায়, ইরান থেকে নতুন দফায় আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সামরিক বাহিনী সতর্কতা সংকেত বাজায়। এরপর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, এলিয়াতকে ইয়েমেন থেকে আসা ড্রোনের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে এসব সমন্বিত হামলা চালানো হয়েছে। এছাড়া হামলায় ইরানের মধ্যাঞ্চলের অন্তত ২৮ স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন-ইসরাইলের জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী রক্ষীবাহিনী মার্কিন জাহাজ এলএইচএ-৭-কে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। ফলে সেটি দক্ষিণ ভারত মহাসাগরে পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া ‘এসডিএন-৭’শনাক্তকারী একটি কন্টেইনার জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে, যেটি ইসরাইলের বলে জানা গেছে। তবে জাহাজটির অবস্থান প্রকাশ করা হয়নি।
লেবাননে ৫৪ স্বাস্থ্যকর্মী নিহত
ইসরাইলের চলমান হামলায় লেবাননে অন্তত ৫৪ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, লেবাননের স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। গতকালও দক্ষিণ লেবাননে দুই চিকিৎসাকর্মী নিহত হন। দেশটির সরকার বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের চলমান আগ্রাসনে এখনো পর্যন্ত ১৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে গত রোববার ইস্টার সানডের দিনে লেবাননজুড়ে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়। লেবাননের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিলেন, ঠিক সেই মুহূর্তেই এ হামলাগুলো চালানো হয়।
জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ : ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট
জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা। ইরানকে আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই সময়সীমার মধ্যে চুক্তি করতে রাজি না হলে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবেন। এর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা: অ্যাক্সিওস
যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছেন, যার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধান হতে পারে। আলোচনা সম্বন্ধে অবগত যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক মোট চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যস্থতাকারীরা দুই পর্ববিশিষ্ট একটি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছেন। প্রথম পর্বে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি, তার মধ্যেই যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলবে। দ্বিতীয় পর্বে হবে যুদ্ধ শেষ করার চুক্তি, বলছে অ্যাক্সিওসের প্রতিবেদন। আলোচনায় বেশি সময় লাগলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পরিষ্কার করে বলেছে, ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে আমরাও একইভাবে পাল্টা জবাব দেব। বাঘাই আরো বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কিংবা তাদের সঙ্গে যেকোনোভাবে সংশ্লিষ্ট অথবা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়ক—এমন যেকোনো অবকাঠামোকে আমাদের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু বানাবে।
ট্রাম্প ‘বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো কথা বলছেন: বার্নি স্যান্ডার্স
ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির তীব্র সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে ‘বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ’বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্যান্ডার্স লিখেছেন, ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বিবৃতি আসছে! যা হতাশাজনক।
পাইলটকে উদ্ধারের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র
বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানের আড়ালে ইরান থেকে ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির’চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে তেহরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংশয় প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রকে পাইলটের উদ্ধার অভিযানে সহযোগিতা করেছে।
ধ্রুব/এস.আই