নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই পাচারকারীসহ বিপুল পরিমাণ ইয়াবা ও ২৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও আমড়ালী চেকপোস্টের সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। বিজিবির বিশেষ টহলদলের হাতে আটক দুই আসামির কাছ থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন এবং ২ হাজার ৮৪৭ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ৩২টি শাড়ি, ৬০৩টি চকলেট, ৫ হাজার ৯৩টি কসমেটিকস সামগ্রী, ৬২টি তালা, ৪৩ প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সোনপাপড়ি, ৪ কেজি তালমিছরি, ২ কেজি কাজুবাদাম, ৩ কেজি গুঁড়ো দুধ, ২টি হরলিক্সসহ ১৮০টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ২৪ লাখ ২৩ হাজার ৬০৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করা এবং চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক ক্ষতি রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।