নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে পূর্ব শত্রুতার কারণে রাকিব (২৩) নামে এক তরুণকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লেবুতলা এলাকায় নিজ চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত রাকিব ওই এলাকার হোসেন আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব থেকে চলে আসা বিরোধের জেরে একই এলাকার মাসুদ (২৫), শারুফ (২৪) সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন যুবক এদিন মাসুদের উপর চড়াও হন। এক পর্যায়ে তারা সংঘবদ্ধভাবে রাকিবের দোকানে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।
আহত রাকিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্বজনরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ধ্রুব/এস.আই